সরকারের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন
- আপডেট সময় : ০৭:৩১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

গত দুই মাসে সরকারের কার্যক্রমে জনগণের আস্থা ফিরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপি সরকারের দুই মাসের সাফল্য তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সালেহ শিবলী বলেন, গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে সরাসরি যুক্ত থাকছেন এবং সাধারণ মানুষের মতোই জীবনযাপন করার চেষ্টা করছেন। তিনি অতিরিক্ত নিরাপত্তার ওপর নির্ভর করছেন না।
প্রেস সচিব বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমান সরকারের অন্যতম বড় সাফল্য হলো জনগণের বিশ্বাস অর্জন করা।
এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণমূলক কাজ এগিয়ে নিতে দায়িত্ব গ্রহণ করেছেন এবং সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।






















