ফুয়েল পাসের আওতায় এলো রাজধানীর আরও ১১ পাম্প
- আপডেট সময় : ০৭:২৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর আরও ১১টি পেট্রোল পাম্পে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার এসব পাম্পে সেবাটি চালু করা হয়েছে। নির্বাচিত পাম্পগুলোতে পরীক্ষামূলকভাবে এই সেবা ব্যবহার করা যাবে।
যেসব পাম্পে এই সেবা চালু হয়েছে সেগুলো হলো- শ্যামলীর করিম অ্যান্ড সন্স, মিরপুর–১ এর ইস্টার্ন এন্টারপ্রাইজ ফিলিং স্টেশন, উত্তরার গাজীপুর ট্রেডার্স, তেজগাঁও শিল্প এলাকার মেসার্স সাত্তার অ্যান্ড কোম্পানি, মিরপুর–১০ এর মেসার্স রহমান ফিলিং স্টেশন, তেজগাঁওয়ের মেসার্স করিম অ্যান্ড ব্রাদার্স, মহাখালীর মেসার্স রশিদ ফিলিং স্টেশন, তেজগাঁওয়ের বিআরবি ফিলিং স্টেশন, বাড্ডার সেবা ফিলিং স্টেশন, মিরপুরের হামিদ ফিলিং স্টেশন এবং মিরপুর কাজীপাড়ার সুমাইয়া ফিলিং স্টেশন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শনিবার (১৮ এপ্রিল) থেকে এসব পাম্পে সব মোটরযানকে ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার করে জ্বালানি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস বিডি’ ব্যবহারের বিষয়ে পেট্রোল পাম্প ও ব্যবহারকারীদের জন্য সাধারণ নির্দেশনাও জারি করা হয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য, পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে প্রয়োজনীয় নির্দেশনা প্রণয়ন করা হবে।
এর আগে রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে গত ১৩ এপ্রিল থেকে মোটরসাইকেল চালকদের জন্য কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ মোবাইল অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়।
সেই পাম্পগুলো হলো- তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।
মোটরসাইকেল চালকেরা এসব পাম্প থেকে কেবল ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার করে পেট্রোল ও অকটেন নিতে পারবেন। পর্যায়ক্রমে দেশের অন্যান্য ফিলিং স্টেশন ও সব ধরনের যানবাহনের জন্যও এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।





















