আইএমএফের ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে আশাবাদী অর্থমন্ত্রী
- আপডেট সময় : ১২:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি ছাড় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, কিছু শর্ত বাস্তবায়নে ধীরগতি থাকলেও আগামী ১৫ দিনের মধ্যে অগ্রগতি দৃশ্যমান হবে বলে সরকার প্রত্যাশা করছে।
শুক্রবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফ সদর দফতরে সংস্থাটির দুইটি টিমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেয়।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংক খাতের সংস্কার, নতুন ব্যাংক রেজ্যুলেশন আইন বাস্তবায়ন এবং রাজস্ব আদায়ের ধীরগতি নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে কাজ চলছে এবং সরকার শর্ত পূরণে আন্তরিকভাবে চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আইএমএফের সঙ্গে চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। কিস্তি স্থগিত নিয়ে কিছু গণমাধ্যমে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা পুরোপুরি সঠিক নয় বলেও তিনি দাবি করেন।
আইএমএফের সাড়ে ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় এখনো প্রায় ১.৮৬ বিলিয়ন ডলার বকেয়া রয়েছে। এর মধ্যে চলতি অর্থবছরের জুনের মধ্যে ১.৩ বিলিয়ন ডলার ছাড়ের লক্ষ্য রয়েছে সরকারের।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, শর্ত বাস্তবায়নে গতি না এলে পরবর্তী কিস্তি ছাড় নিয়ে অনিশ্চয়তা থেকেই যেতে পারে।
























