যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান
- আপডেট সময় : ১১:৩১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।
সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি ও পিটিআই দেশটির দুটি উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের একটি সূত্র এ প্রসঙ্গে আনাদোলু এজেন্সিকে জানিয়েছে, মঙ্গলবার থেকেই প্রস্তুতি শুরু হয়েছে। মূলত নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
সূত্র আরও জানিয়েছে, গত বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফরও এই প্রস্তুতিরই অংশ ছিল।
ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত চলে। পরে ৮ এপ্রিল দুই দেশ ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে। শুরু থেকেই এ সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে পাকিস্তান।
স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্যে যুদ্ধবিরতির তৃতীয় দিনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফা সংলাপ অনুষ্ঠিত হয়। তবে টানা ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো চুক্তি স্বাক্ষর হয়নি। এখন দ্বিতীয় দফা সংলাপের জন্য নতুন করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।























