কম্বোডিয়ায় অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ
- আপডেট সময় : ০৩:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

কম্বোডিয়ায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য দেশে ফেরার বিশেষ সুযোগ দিয়েছে দেশটির সরকার। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই নমনীয়তা বহাল থাকবে। এরপর অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কম্বোডিয়ার কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলত অনলাইন স্ক্যাম সেন্টারে কর্মরত ব্যক্তি এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের জন্যই এই সুযোগ দেওয়া হয়েছে। ৩০ এপ্রিলের পর দেশটির প্রচলিত আইন অনুযায়ী অনিয়মিত অবস্থানকারীদের জেল-জরিমানা ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
অনিয়মিত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে বাংলাদেশ দূতাবাস কাজ করছে। বিশেষ করে ওভারস্টে জরিমানা মওকুফ এবং ট্রাভেল পাস প্রদানের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। গত ৪ ও ৫ এপ্রিল নমপেনে এক কনস্যুলার ক্যাম্পের মাধ্যমে ইতোমধ্যে শতাধিক ব্যক্তিকে ট্রাভেল পাস দেওয়া হয়েছে।
তবে দূতাবাসের পর্যবেক্ষণে এসেছে, কিছু ব্যক্তি ট্রাভেল পাস পাওয়ার পরও অসাধু ব্যক্তিদের প্ররোচনায় দেশে না ফিরে কম্বোডিয়ায় লুকিয়ে থাকছেন অথবা পার্শ্ববর্তী দেশগুলোতে অনুপ্রবেশের চেষ্টা করছেন। দূতাবাস জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড তাদের ঝুঁকি আরও বাড়াচ্ছে এবং শাস্তির আশঙ্কা বৃদ্ধি করছে।
অনিয়মিত বাংলাদেশিদের দ্রুত দূতাবাসে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনের জন্য ইমেইল ঠিকানা হিসেবে mission.bangkok@mofa.gov.bd অথবা fsbangkok@probashi.gov.bd উল্লেখ করা হয়েছে। এছাড়া হার্ডকপিতেও আবেদন করা যাবে।
প্রয়োজনীয় নথিপত্র হিসেবে ট্রাভেল পাসের জন্য পাসপোর্টের কপি, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি এবং বর্তমান অবস্থানের ঠিকানা জমা দিতে হবে। জরিমানা মওকুফের ক্ষেত্রে পাসপোর্ট ও ভিসার কপি সংযুক্ত করা বাধ্যতামূলক।
দূতাবাস সব ধরনের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরার উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে।























