বিএনপি নেতার মামলায় ইসকন নেতা চিন্ময় দাসের জামিন
- আপডেট সময় : ১১:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

চট্টগ্রামে জমি দখল ও মারধরের অভিযোগে দায়ের করা এক মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস জামিন পেয়েছেন। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আপাতত তিনি কারামুক্ত হচ্ছেন না।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, এদিন চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত ওই মামলায় তার জামিন মঞ্জুর করেন।
তবে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলাও থাকায় এই মুহূর্তে তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।
জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল এলাকায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে ২০২৩ সালে একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী ছিলেন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন। এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ছয়জনকে আসামি করা হয়।
পরে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন জমা দেয়।
এদিকে, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিন আবেদন নাকচ হওয়ার পর চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় ইসকন সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে ভাঙচুরের ঘটনা ঘটে।
একই দিনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন, যেখানে প্রধান আসামি করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে।















