অনলাইন পোর্টালের আড়ালে ইয়াবা ব্যবসা, কথিত সাংবাদিকসহ গ্রেফতার ৫
- আপডেট সময় : ১২:২৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি অনলাইন সংবাদ পোর্টালের কার্যালয়কে আড়াল হিসেবে ব্যবহার করে ইয়াবা ব্যবসা পরিচালনার অভিযোগে কথিত তিন সাংবাদিকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আজমিরীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের ছেলে মারুফ মিয়াকেও আসামি করা হয়েছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
বুধবার (১৩ মে) সকালে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ পৌর এলাকার গরুবাজারস্থ ‘কালনী নিউজ ২৪’-এর কার্যালয়ে অভিযান চালায় থানা পুলিশ। সেখানে ইয়াবা বিক্রির সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম এবং ইয়াবা বিক্রির নগদ ৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন লালন পারভেজ (৩৫), জুমন মোড়ল (৪০), দিলোয়ার হোসেন (৩৫), আলমগীর মিয়া (৩৮) ও মাহফুজ মিয়া (৩৩)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের ছেলে মারুফ মিয়া এই মাদক চক্রের অন্যতম সক্রিয় সদস্য। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি কৌশলে পালিয়ে যান। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ের আড়ালে ওই কার্যালয়ে নিয়মিত মাদক কেনাবেচা ও সেবনের আসর বসত। প্রভাবশালী মহলের সঙ্গে সখ্য এবং সাংবাদিকতার পরিচয়ের কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাননি। পুলিশের অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।



















