নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু আজ
- আপডেট সময় : ১১:৫৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

দেশব্যাপী ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৬’ আজ রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে। নৌপথে দুর্ঘটনা রোধ, যাত্রীদের জানমালের সুরক্ষা নিশ্চিত করা এবং নৌযান মালিক, চালক ও সাধারণ যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রাজধানীর রমনার ৩৬ ইস্কাটন গার্ডেন রোডস্থ লেডিস ক্লাবে নৌপরিবহন অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা’।
নৌপরিবহন অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৬ মে পর্যন্ত চলা এ কর্মসূচিতে নৌযান মালিক, শ্রমিক, মাঝি, যাত্রী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন নৌবন্দর, লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ নৌপথে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি, লিফলেট বিতরণ, যাত্রীদের নিরাপত্তা নির্দেশনা প্রদান, অতিরিক্ত যাত্রী বহন রোধে অভিযান এবং লাইফ জ্যাকেট ব্যবহারে উদ্বুদ্ধকরণ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে নৌযানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি। বিশেষ করে ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ, দক্ষ চালক নিয়োগ, যাত্রী ধারণক্ষমতা মেনে চলা এবং জরুরি উদ্ধার সরঞ্জাম নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, নৌ নিরাপত্তা সপ্তাহ যথাযথভাবে বাস্তবায়ন হলে নৌপথে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে এবং যাত্রীসেবার মান আরও উন্নত হবে। একই সঙ্গে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।























