শাপলা চত্বর হত্যাকাণ্ড
হেফাজতের ৫৮ জন নিহত, প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
- আপডেট সময় : ০৭:২৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ২০১৩ সালের ৫ মে সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৫ মে) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ওই সময়ের ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মোট ৫৮ জন নিহতের তথ্য পাওয়া গেছে। তদন্তে এই ঘটনার সঙ্গে তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বর ও এর আশপাশে ৩২ জন নিহত হয়েছেন। নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও জানান, তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঘটনাটি শুধুমাত্র একটি সমাবেশ নিয়ন্ত্রণের বিষয় ছিল না, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মামলার আসামিদের বিষয়ে তিনি বলেন, তদন্ত চলমান রয়েছে এবং ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ৭ জুনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে আশা করা হচ্ছে।
চিফ প্রসিকিউটর আরও জানান, তৎকালীন প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তা বিচার প্রক্রিয়ায় আনা হবে।
দীর্ঘ ১৩ বছর পর এই ঘটনার বিচার কার্যক্রম এগিয়ে যাওয়ায় জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।






















