নতুন উপজেলা পাচ্ছে বাংলাদেশ
- আপডেট সময় : ০২:৪২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (প্রাক-নিকার) সভায় প্রস্তাবটি ইতোমধ্যে অনুমোদন পেয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সম্প্রতি বগুড়া সফরকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে মোকামতলাকে উপজেলা করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটি এখন বাস্তবায়নের চূড়ান্ত ধাপে রয়েছে।
তবে এখনো গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামো গঠন এবং আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন না হওয়ায় নতুন উপজেলাটি কার্যক্রম শুরু করতে পারেনি। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ হলে দ্রুতই এটি কার্যকর হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক নোটিশ অনুযায়ী, বগুড়া সিটি কর্পোরেশন ও শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণাসহ মোট আটটি প্রশাসনিক প্রস্তাব প্রাক-নিকার সভায় উপস্থাপন করা হয়। গত ১২ এপ্রিল অনুষ্ঠিত ওই সভায় মোকামতলা উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন পায়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, প্রস্তাবিত নতুন উপজেলার আওতায় শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা ও শিবগঞ্জ সদর ইউনিয়ন থাকতে পারে বলে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী নতুন উপজেলার আয়তন প্রায় ১২৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় দেড় লাখ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন মনে করছে, নতুন উপজেলা গঠিত হলে প্রশাসনিক সেবা আরও দ্রুত ও সহজ হবে। একই সঙ্গে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে বলে আশা করা হচ্ছে।















