জঙ্গীবাদ ও আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ-যুক্তরাজ্য সমন্বয়ে জোরদার
- আপডেট সময় : ১০:৫৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

জঙ্গীবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে উভয় পক্ষ তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট পরিদর্শন করেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। এ সময় তিনি সিটিটিসির প্রধান মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পরিদর্শনকালে উভয় পক্ষ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা উন্নয়নের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। একইসঙ্গে সংগঠিত আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় যুক্তরাজ্যের হাইকমিশনার বাংলাদেশ পুলিশ ও সিটিটিসির সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, উদীয়মান হুমকি এবং সেগুলো মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অন্যদিকে, সিটিটিসি প্রধান মো. মাসুদ করিম পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের আগ্রহকে স্বাগত জানান। তিনি সিটিটিসির কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে হাইকমিশনারকে অবহিত করেন এবং ভবিষ্যতে এ খাতে আরও সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ সন্ত্রাসবিরোধী কার্যক্রম ও নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ভবিষ্যতেও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।















