বালু জব্দের খবর সংগ্রহ শেষে ফেরার পথে ৪ সাংবাদিককে অবরুদ্ধ করে মারধর
- আপডেট সময় : ১০:৫৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালুর বিরুদ্ধে প্রশাসনের অভিযান শেষে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে চার সাংবাদিককে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তাদের মুঠোফোন কেড়ে নেওয়া এবং জোর করে টাকা হাতে দিয়ে ভিডিও ধারণ করারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার সাংবাদিকরা হলেন, দৈনিক আজকের পত্রিকা ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তরের গাইবান্ধা প্রতিনিধি খন্দকার রফিকুল ইসলাম রফিক, স্থানীয় জনসেনা পত্রিকার স্টাফ রিপোর্টার তাজরুল ইসলাম এবং সাংবাদিক পাপ্পু সরকার। তারা বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অবৈধভাবে উত্তোলন করে মজুত রাখা বালুর বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় বালু জব্দের পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক্টর জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে সংবাদ সংগ্রহ করে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে সাংবাদিকদের গাড়ির গতিরোধ করা হয়। পরে তাদের একটি ঘরে নিয়ে আটকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশিদ হৃদয় ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল তাদের পথরোধ করে। পরে একটি ঘরে নিয়ে দরজা বন্ধ করে মারধর করা হয়। এ সময় তাদের মুঠোফোন কেড়ে নেওয়া হয় এবং জোর করে হাতে টাকা দিয়ে ভিডিও ধারণ করা হয়।
সাংবাদিকরা জানান, অভিযানের ভিডিও ও তথ্য নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ফেরার পথে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন তাদের পথরোধ করেন। পরে তাদের একটি ঘরে নিয়ে আটকে রেখে মারধর করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ‘ঘটনার বিষয়টি শুনেছি। এটি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধরের বিষয়টি শুনেছি। জব্দ করা গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে।’















