রড ও বাটাম দিয়ে পেটানো হয় তরুণকে, হাসপাতালে মৃত্যু
- আপডেট সময় : ০১:২২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সাতকানিয়ায় মুঠোফোন চুরির অভিযোগে মো. রিয়াজ (২২) নামের এক তরুণকে বাটাম ও রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হামলায় আহত হওয়ার দুই দিন পর গতকাল শনিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মো. রিয়াজ সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা খিতামোল্লা পাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে। গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে শাহ মজিদিয়া বাজারে কয়েকজন বন্ধুর হামলায় গুরুতর আহত হন তিনি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর ছফুর প্রথম আলোকে বলেন, মুঠোফোন চুরির অভিযোগ তুলে কয়েকজন বন্ধু মিলে রিয়াজকে দিনদুপুরে শাহ মজিদিয়া বাজারে বেধড়ক পিটুনি দেন। এতে রিয়াজ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজের মৃত্যু হয়েছে।
তবে মুঠোফোন চুরির অভিযোগ সত্য নয় বলে দাবি করেন রিয়াজের মা রোজিনা আকতার। তিনি বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে মোবাইল চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।’
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাঁরা সবাই বন্ধু। একসঙ্গে চলাফেরা করতেন। তাঁদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। সেই লেনদেনের সূত্র ধরে একজনের মুঠোফোন নিয়েছিলেন রিয়াজ। এরপর মুঠোফোনটি চুরির অভিযোগ তুলে তাঁর ওপর হামলা চালান অন্যরা। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

























