পাঁচ নীতির ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখবে চীন
- আপডেট সময় : ১২:৪৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন অব্যাহত রাখবে চীন।
বুধবার (৬ মে) বেইজিং সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা, চীনা কমিউনিস্ট পার্টি-এর কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।
বেইজিংয়ের কূটনৈতিক সূত্র জানায়, সাক্ষাতে ওয়াং হুনিং উভয় পক্ষকে উচ্চপর্যায়ের বিনিময় জোরদার, একে অপরকে দৃঢ় সমর্থন প্রদান, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করা এবং চীন-বাংলাদেশের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও বাস্তবসম্মতভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এতে দুই দেশের জনগণ আরও বেশি উপকৃত হবে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি এ বিষয়ে সিপিপিসিসি জাতীয় কমিটি ইতিবাচক অবদান রাখতে প্রস্তুত বলেও জানান তিনি।
সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ‘বাংলাদেশের একমাত্র সত্যিকারের বন্ধু চীন। বাংলাদেশ সবসময় তার পররাষ্ট্রনীতিতে চীনকে অগ্রাধিকার দিয়ে আসছে। বাংলাদেশ এক-চীন নীতিতে দৃঢ়ভাবে অটল রয়েছে এবং জাতিসংঘ সাধারণ পরিষদ-এর রেজোলিউশন ২৭৫৮-কে অকাট্য বলে মনে করে। পাশাপাশি চীনের জাতীয় পুনঐক্যের প্রচেষ্টায়ও বাংলাদেশ দৃঢ় সমর্থন জানায়।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ চীনের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বকে এগিয়ে নিতে, বাস্তবসম্মত সহযোগিতা জোরদার করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর স্তরে নিয়ে যেতে চায়।’
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বুধবার দুপুরে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
এর আগে বুধবার সকালে তিনি সিপিপিসিসির চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-চীন ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে পুনরায় নিশ্চিত করে এবং বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ও উন্নয়ন খাতে আরও গভীর সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের সফরে বেইজিং পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়েই হুয়াশিয়াং। সফর শেষে বৃহস্পতিবার বেইজিং থেকে নিউইয়র্ক সফরে যাবেন তিনি।























