ডিএমপির সঙ্গে মতবিনিময়ে নাহিদ ইসলাম, আইনশৃঙ্খলা জোরদারের তাগিদ
- আপডেট সময় : ১০:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

ঢাকা-১১ আসনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর সঙ্গে মতবিনিময় সভা করেছেন ওই আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
বুধবার (৬ মে) অনুষ্ঠিত এ সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং নাগরিক সেবাসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় নাহিদ ইসলাম জমি দখল প্রতিরোধে ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, মাদক ব্যবসায়ী ও সিন্ডিকেটের মূল হোতাদের বিরুদ্ধে অভিযান জোরদার, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলা প্রত্যাহার, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে নিয়মিত টহল বৃদ্ধি এবং যানজট নিরসনে অবৈধ পার্কিং বন্ধের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, অপরাধ দমনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া যাবে না। একই সঙ্গে রাজনৈতিক কারণে যেন কেউ হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এছাড়া থানাগুলোতে জনসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য।
নাহিদ ইসলামের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
মতবিনিময় সভায় ডিএমপির জয়েন্ট কমিশনার (অপরাধ) মো. ফারুক হোসেন, তেজগাঁও ও মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























