শাহজালাল বিমানবন্দর থেকে ফেরানো হলো সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে
- আপডেট সময় : ০৯:৩৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউজনেক্সট সম্পাদক ও সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে বিদেশযাত্রার সময় ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি চীন যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
রোববার (৩ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, দুপুর ২টার একটি ফ্লাইটে চীন যাওয়ার কথা ছিল তার। তবে বেলা ১২টার দিকে বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া চলাকালে তাকে জানানো হয়, ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, একটি গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
নজরুল ইসলাম মিঠু বলেন, বোর্ডিং পাস নেওয়ার সময় তাকে আলাদা করে ডাকা হয় এবং পরে ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে নেওয়া হয়। সেখানে তার পরিচয় ও পেশাগত দায়িত্ব সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি জানান, তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না জানতে চাইলে তিনি জানান, তার জানা মতে কোনো মামলা নেই।
তিনি আরও বলেন, ইমিগ্রেশন কর্তৃপক্ষও তাকে জানায়, তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই, তবে গোয়েন্দা সংস্থার আপত্তির কারণেই তার বিদেশযাত্রা স্থগিত করা হয়েছে।
পরে পাসপোর্ট ফেরত দিয়ে তাকে বিমানবন্দর থেকে বের হয়ে যেতে বলা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

























