কোরবানিতে চাহিদার চেয়ে ২২ লাখ পশু বেশি আছে : প্রাণিসম্পদ মন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানিযোগ্য পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এ বছর চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত থাকবে।
রোববার (৩ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। ঈদ উপলক্ষে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ ও পরিবহন পরিস্থিতি নিয়েও বিস্তারিত কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী জানান, এ বছর কোরবানির জন্য দেশে পশুর সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে এক কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। এর বিপরীতে প্রস্তুত রয়েছে এক কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি পশু। সে হিসাবে প্রায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে।
প্রজাতিভিত্তিক হিসাব তুলে ধরে তিনি বলেন, দেশে গরু ও মহিষ রয়েছে ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি। এছাড়া ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি। উট ও দুম্বা জাতের প্রাণীর সংখ্যা রয়েছে ৫ হাজার ৬৫৫টি।
তিনি আরও জানান, রাজধানী ঢাকায় এ বছর ২৬টি অস্থায়ী পশুর হাট বসবে। এসব হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।
সীমান্ত দিয়ে কোরবানির পশু যাতে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সরকার কঠোর নজরদারি করবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সীমান্তে বিজিবি, পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হবে এবং কোনো ধরনের অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না।
মন্ত্রী আরও বলেন, পশুর হাট ও পরিবহন ব্যবস্থায় যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয় সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। প্রয়োজনে সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া অনলাইনে কোরবানির পশু বেচাকেনার ক্ষেত্রে কোনো খাজনা বা হাসিল দিতে হবে না বলেও জানান তিনি। কোরবানির পশুবাহী ট্রাক থেকে চাঁদাবাজি বন্ধে ইতোমধ্যে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

























