অবরোধের মধ্যে হরমুজ পাড়ি দিল রাশিয়ান সুপারইয়ট
- আপডেট সময় : ০৫:৪৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

মার্কিন অবরোধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকলেও সম্প্রতি রাশিয়ার এক শীর্ষ ধনকুবেরের বিলাসবহুল প্রমোদতরি সেই পথ পাড়ি দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ধনকুবের আলেক্সি মোর্দাসভের মালিকানাধীন ‘নর্ড’ নামের ১৪২ মিটার দীর্ঘ এই প্রমোদতরিটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ওমানের রাজধানী মাসকাটে পৌঁছেছে।
জানা গেছে, গত শুক্রবার রাতে দুবাই ত্যাগ করার পর রোববার সকালে ওমানের আল মৌজ মেরিনায় নোঙর করে নর্ড নামের এই বিলাসবহুল প্রমোদতরি। আন্তর্জাতিক গণমাধ্যম ও জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সূত্রগুলোর তথ্যমতে, গত কয়েক মাসে খুব কম বেসরকারি জাহাজই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের ঝুঁকি নিয়েছে। ফলে নর্ডের এই যাত্রা আন্তর্জাতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
প্রায় ৫০০ মিলিয়ন ডলার মূল্যের এই বিশাল প্রমোদতরিটিতে রয়েছে অত্যাধুনিক নানা সুবিধা। এর মধ্যে সুইমিং পুল, ব্যক্তিগত সাবমেরিন, হেলিকপ্টার অবতরণের জন্য বিশেষ স্থানসহ বিলাসবহুল নানা ব্যবস্থা রয়েছে।
বিভিন্ন অর্থনৈতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রায় ৩৭ বিলিয়ন ডলারের সম্পদের মালিক আলেক্সি মোর্দাসভ রাশিয়ার অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি এবং দেশটির একটি বড় ইস্পাত কোম্পানির চেয়ারম্যান। ইউক্রেন যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে হংকং ও মালদ্বীপসহ কয়েকটি দেশ তার মালিকানাধীন এই প্রমোদতরিটি জব্দ করতে অস্বীকৃতি জানিয়েছিল। যদিও এবারের যাত্রার সময় মোর্দাসভ নিজে ইয়টে উপস্থিত ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও তরল গ্যাস পরিবহন করা হয়। কিন্তু ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ আরোপের পর থেকে এ পথ দিয়ে জাহাজ চলাচল অনেকটাই সীমিত হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে এবং সোমবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১০৯ ডলারে পৌঁছেছে।
এদিকে রাশিয়া ও ইরানের সম্পর্ক ঘিরেও নতুন আলোচনা শুরু হয়েছে। সোমবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে পুতিন দাবি করেন, বিদেশি চাপের মুখেও ইরানি জনগণ তাদের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার সঙ্গে সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করে মস্কোর কূটনৈতিক সমর্থনের প্রশংসা করেন।

























