তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেফতার
- আপডেট সময় : ০৬:২৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

কুমিল্লায় সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর প্রথম কোনো অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন। এর আগে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম তাকে তার বাসভবন থেকে গ্রেফতার করেন। পরে তাকে কুমিল্লা সদর আদালতে হাজির করা হলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার অগ্রগতির অংশ হিসেবে সম্প্রতি তিনজন সন্দেহভাজনের ডিএনএ নমুনা সংগ্রহ করে ক্রস-ম্যাচ করার উদ্যোগ নেওয়া হয়। গত ৬ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা আদালতে এ বিষয়ে অনুমতি চান। সন্দেহভাজন তিনজন হলেন—সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম।
আদালত সূত্রে জানা গেছে, বহুল আলোচিত এ মামলায় এখন পর্যন্ত প্রায় ৮০টি শুনানির দিন নির্ধারণ হয়েছে। গত এক দশকে চারটি পৃথক সংস্থার মোট সাতজন কর্মকর্তা এই মামলার তদন্তের দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পর তনুর পরিবার কুমিল্লা ক্যান্টনমেন্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দীর্ঘদিন ধরে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়ে আসছিলেন নিহতের পরিবার ও বিভিন্ন সামাজিক সংগঠন।
সাম্প্রতিক গ্রেফতার ও তদন্ত কার্যক্রমের মাধ্যমে এই মামলার অগ্রগতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে আশা করা হচ্ছে।
























