হামে দেশে আরও ৫ শিশুর মৃত্যু
- আপডেট সময় : ১১:০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

দেশে হামে আক্রান্ত হয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৫৮ শিশু। এতে করে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে।
বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত দেশে মোট ১২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৯০ শিশু।
গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সারাদেশে হামে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৩৪ জন। এছাড়া আরও ২৭ হাজার ১৬৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই শিশুদের নিয়মিত টিকা দেওয়া এবং জ্বর, শরীরে ফুসকুড়ি, চোখ লাল হওয়া বা কাশি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার আহ্বানও জানানো হয়েছে।
























