টঙ্গীতে মহাসড়কের পাশে মরা তালগাছ ভেঙে পথচারীর মৃত্যু, আহত দুই আনসার সদস্য
- আপডেট সময় : ০৬:৫৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে

টঙ্গীতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি মরা তালগাছ ভেঙে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন মিলগেট পিপলস সিরামিক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর বয়স আনুমানিক ২৮ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
আহত দুই আনসার সদস্য হলেন সিফাত ও সামসুল ইসলাম। তাঁদের মধ্যে সামসুল ইসলামের অবস্থা গুরুতর।আহত আনসার সদস্য সিফাত প্রথম আলোকে বলেন, সহকর্মী সামসুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মরা তালগাছ হঠাৎ ভেঙে তাঁদের ওপর পড়ে। গাছটি তিন খণ্ড হয়ে যায়। একটি খণ্ড সামসুল ইসলামের ওপর এবং আরেকটি খণ্ড পাশ দিয়ে যাওয়া ওই যুবকের ওপর পড়ে।
প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক পাপ্পু বলেন, অটো নিয়ে সড়ক পার হওয়ার সময় তিনি তিনজনকে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাফিয়া শারমিন বলেন, আহত সামসুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত ওই যুবককে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


















