এমপি হলে প্রতিটি ওয়ার্ডে পাকা রাস্তা ও উপাসনালয় গড়ার প্রতিশ্রুতি মোস্তফা মহসিন সরদারের
- আপডেট সময় : ০৬:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার বলেছেন, এমপি নির্বাচিত হলে সুন্দরগঞ্জের প্রতিটি ওয়ার্ডে একটি করে পাকা রাস্তা নির্মাণ করা হবে। একই সঙ্গে প্রতিটি ওয়ার্ডে একটি করে মসজিদ ও মন্দির স্থাপন করা হবে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের নুরুল হকের বাড়ির উঠানে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার বলেন, প্রতিটি ইউনিয়নে একটি করে কবরস্থান ও শ্মশানঘাট করা হবে। এমপি নির্বাচিত হলে প্রতি মাসে নিয়মিত জনগণের সঙ্গে সভা ও মতবিনিময় করবো। আপনারা আমাকে ভোট দিলে আমি হব আপনাদের সেবক। সেবকের দায়িত্ব হলো জনগণের কাছে জবাবদিহি করা। আপনারাই এই সুন্দরগঞ্জের প্রকৃত মালিক, তাই আপনাদের সামনে সব হিসাব-নিকাশ তুলে ধরা হবে।’

তিনি আরও বলেন, সুন্দরগঞ্জের উন্নয়ন কীভাবে করা যায়, তা জনগণের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। উন্নয়নসংক্রান্ত সব হিসাব অনলাইনে, ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করা হবে, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয় এবং কোনো অস্বচ্ছতা না থাকে।
দুর্নীতির বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নিজেকে এবং নিজের চারপাশের সবাইকে দুর্নীতিমুক্ত রাখার চেষ্টা করবেন। পাশাপাশি নদীভাঙন রোধে কার্যকর নদীশাসনের উদ্যোগ নেওয়া হবে, যাতে দীর্ঘমেয়াদে ভাঙন না ঘটে। প্রতিটি চরে একটি করে মহিলা ক্লিনিক স্থাপন এবং পানিতে ডুবে গেলেও ক্ষতিগ্রস্ত হবে না—এমন টেকসই সড়ক নির্মাণ করা হবে।’
স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. নুরুল হক। এতে বক্তব্য দেন জাতীয় পার্টির নেতা মো. শফিকুল ইসলাম বাদশা, রুজেস মন্ডল, মো. ফজলুল হক এবং প্রার্থীর প্রেস সচিব মো. হাসানুজ্জামান হাসানসহ অন্যান্যরা।

















