চট্টগ্রাম মহানগরে ৩৩০ দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ
- আপডেট সময় : ০৮:২৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ৩৩০ জন দুষ্কৃতকারীর মহানগরীতে প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শনিবার (১৭ জানুয়ারি) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতকারীকে বহিষ্কার করা হয়েছে। সংযুক্ত তালিকায় ক্রমিক নম্বর ১ থেকে ৩৩০ পর্যন্ত অন্তর্ভুক্ত ব্যক্তিদের চট্টগ্রাম মহানগর এলাকা থেকে বহিষ্কার করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের মহানগরীতে প্রবেশ ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২ পৃষ্ঠার এই তালিকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা, পাশাপাশি আওয়ামী লীগের পলাতক সাবেক সংসদ সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ, সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, এম এ লতিফ এবং মহিউদ্দিন বাচ্চু।
এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর, আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি এবং সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নামও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিএমপি সূত্র জানায়, মহানগরীতে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও আইনগত পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















