যশোরে তীব্র শীতে ঠান্ডাজনিত কারণে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু
- আপডেট সময় : ০২:৪৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

যশোরে জেঁকে বসেছে তীব্র শীত। কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা ও উত্তরের ঠান্ডা বাতাসে শীতের প্রকোপ চরমে পৌঁছেছে। এতে করে জেলায় ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ঠান্ডাজনিত সমস্যা ও ফুসফুস সংক্রমণে ১০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। মৃতদের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে।
আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শীতের কারণে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ায় ভোগা রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজন হালিমা বেগম বলেন, পাঁচ মাস বয়সী তার সন্তান তীব্র শীতে সর্দি ও জ্বরে আক্রান্ত হয়ে চার দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছে। নাজমা নামে আরেক নারী জানান, শীতের কারণে তার ছেলের নিউমোনিয়া হয়েছে।
শামছুজ্জামান বলেন, ঠান্ডাজনিত কারণে তার বাবার শ্বাসকষ্ট হচ্ছিল। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। একইভাবে শেখ সদরুল আলম, মনিরা খাতুন ও উম্মে হানি নামের আরও কয়েকজন বয়স্ক ব্যক্তি ঠান্ডাজনিত জটিলতায় মারা যান বলে স্বজনরা জানিয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জোবায়ের আহমেদ বলেন, গত ২৪ ঘণ্টায় ঠান্ডাজনিত সমস্যা ও ফুসফুস সংক্রমণে প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে। বয়স্কদের মধ্যেই মৃত্যুর হার বেশি দেখা যাচ্ছে। তিনি সবাইকে শীতের সময়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।
হাসপাতালের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে ২৯০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শতাধিক রোগী ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত এবং তাদের মধ্যে ৫৪ জনই শিশু।


















