মনিরামপুরে গলা কেটে দৈনিক বিডি খবরের নির্বাহী সম্পাদককে হত্যা
- আপডেট সময় : ০৯:৪৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

যশোরের মনিরামপুরে প্রকাশ্য স্থানে গুলি ও গলা কেটে দৈনিক বিডি খবর পত্রিকার নির্বাহী সম্পাদক রানা প্রতাপ বৈরাগী (৩৫)কে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, কপালিয়া বাজারে অবস্থিত রানা প্রতাপ বৈরাগীর মালিকানাধীন বরফকল মিল থেকে অজ্ঞাত দুই ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায়। পরে বরফকল থেকে আনুমানিক ১০০ গজ পশ্চিমে কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন ঝুম বিউটি পার্লারের গলিতে নিয়ে একাধিক রাউন্ড গুলি করা হয়। গুলিবিদ্ধ করার পর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
ঘটনার সময় ছোড়া একটি গুলি পাশের কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশনের সামনের কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে পড়ে। এতে ক্লিনিকের ভেতরে থাকা রোগী ও স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি তাজা গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করেছে। নিহতের বাম কান, মাথা ও বুকে গুলির চিহ্ন পাওয়া গেছে। শীতকালীন আবহাওয়ার কারণে ওই সময় বাজার এলাকায় লোকসমাগম তুলনামূলক কম থাকায় প্রত্যক্ষদর্শীর সংখ্যা সীমিত ছিল।
নিহত রানা প্রতাপ বৈরাগী এক ছেলে সন্তানের জনক। একমাত্র ছেলে রাজ প্রতাপ বৈরাগী বাবার নৃশংস হত্যার খবরে মানসিকভাবে ভেঙে পড়েছে বলে স্বজনরা জানিয়েছেন। তিনি যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা এবং স্কুলশিক্ষক দুর্গাপদ বৈরাগীর ছেলে। সাংবাদিকতার পাশাপাশি তিনি কপালিয়া বাজারে একটি বরফকলের মালিক ছিলেন। নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবর পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন।
নিহতের স্ত্রী সীমা বৈরাগী অভিযোগ করেন, কপালিয়া বাজারে অপর একটি বরফকলের মালিক জিয়ার সঙ্গে তার স্বামীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন এবং বিষয়টি পুলিশকে জানিয়েছেন।
খবর পেয়ে নেহালপুর পুলিশ ফাঁড়ি, মনিরামপুর থানা পুলিশ, যশোর জেলা পুলিশ, র্যাব ও ডিবি পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করে। মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মনিরামপুর থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে।


















