চরফ্যাশনে তরমুজ উৎপাদন বৃদ্ধিতে কৃষি প্রযুক্তি ও উপকরণ বিতরণ
- আপডেট সময় : ০৬:১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

টিস্যু কালচার ল্যাবরেটরী কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ভোলার চরফ্যাশনে কৃষকদের মাঝে তরমুজ উৎপাদন বৃদ্ধির জন্য প্রযুক্তি ও উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৩০ জন কৃষককে উন্নত জাতের তরমুজ, সার, স্প্রে মেশিন, বেড়ার নেট, বালাইনাশক, সাইনবোর্ড, শ্রমিক মজুরি এবং অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করা হয়। পাশাপাশি ফলের উৎপাদন ও চাষের আধুনিক প্রযুক্তি প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের হাতে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ অফিসার আবু তাহের এবং উপসহকারী কৃষি অফিসারসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। মো: নাজমুল হুদা অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশে বলেন, “প্রকল্পের মাধ্যমে চরফ্যাশনের কৃষকদের উচ্চমূল্যের ফল, সবজি ও অন্যান্য ফসলের উৎপাদনে সহায়তা করা হচ্ছে। প্রদর্শনীর মাধ্যমে উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।”
এর আগে এই প্রকল্পের আওতায় চরফ্যাশনে শতাধিক মিশ্র ও একক ফলের বাগান, উচ্চমূল্যের সবজি চাষ এবং বস্তায় আঁদা চাষ প্রদর্শনী সফলভাবে বাস্তবায়িত হয়েছে।


















