নতুন সম্ভাবনা
খুলনার হারুন অর রশিদের সরিষা চাষে সাফল্য
- আপডেট সময় : ০৬:২৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

শীতের সকাল কুয়াশার মধ্যে যখন গ্রামের মাঠে ফুটে ওঠে হলুদ সরিষার ফুল, তখন প্রকৃতির সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে কৃষকের নিরব সংগ্রাম ও সাফল্যের গল্প। খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের মালত গ্রামের মৃত শাহাজুদ্দীন গাজীর ছেলে হারুন অর রশিদের জীবন সেই গল্পের অন্যতম উদাহরণ।
দীর্ঘদিন ধরেই হারুন অর রশিদের জীবিকা নির্ভর করতো ধান ও মাছ চাষের ওপর। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে উৎপাদন ব্যয় বৃদ্ধি, সার-খরচের ঊর্ধ্বগতি এবং ফসলের ন্যায্যমূল্য না পাওয়ায় ধান চাষ হয়ে পড়ে অলাভজনক। সংসারের খরচ, সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে গিয়ে তিনি বিকল্প ফসল হিসেবে সরিষা চাষের দিকে মনোনিবেশ করেন।
স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী তিনি উন্নত জাতের বীজ সংগ্রহ, জমি প্রস্তুত এবং সঠিক সময়ে বপনের মাধ্যমে চাষ শুরু করেন। অল্প সময়ের মধ্যে তার জমি সবুজ সরিষা গাছের সমারোহে ভরে উঠে, যা পরে হলুদ ফুলে বিস্তৃত মাঠে রূপ নেয়।
হারুন অর রশিদ উপজেলার হিতামপুর মৌজায় বোয়ালিয়া ব্রিজসংলগ্ন কপোতাক্ষ নদের তীরে ৭০ বিঘা জমি লিজ নিয়ে সরিষা চাষ করেছেন। প্রতি বিঘার জন্য বছরে ১১ হাজার টাকা হারি দিতে হয়। ৭০ বিঘা জমিতে তিনি ৫০ কেজি বীজ বপন করেছেন, যার মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), বিনেরপোতা ও সাতক্ষীরার আঞ্চলিক কেন্দ্র থেকে বীজ সহায়তা পেয়েছেন।
হারুন অর রশিদ বলেন, ‘সরিষা চাষের সবচেয়ে বড় সুবিধা হলো কম খরচে ভালো ফলন পাওয়া যায়। সেচ ও কীটনাশকের প্রয়োজন কম হওয়ায় উৎপাদন ব্যয় সীমিত থাকে। নিয়মিত পরিচর্যা ও সময়মতো সার প্রয়োগে রোগবালাইও কম হয়েছে। ৮০-৮৫ দিনের মধ্যেই ফসল কাটার উপযোগী হওয়ায় অল্প সময়েই লাভের সম্ভাবনা তৈরি হয়।’
ফসল কাটার সময় ব্যয় কিছুটা বেশি হলেও ৭০ বিঘা জমিতে কাটাই বাবদ প্রায় এক লাখ টাকা খরচ হয়।
স্থানীয় কৃষক তসলিম মিয়া বলেন, ‘সঠিক পরিকল্পনা, সময়োপযোগী সিদ্ধান্ত ও পরিশ্রমই একজন কৃষকের জীবনে সোনালি পরিবর্তন আনতে পারে। কৃষির আধুনিক দিকগুলো সকলের কাজে লাগানো উচিত।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন জানান, ‘বৃষ্টির কারণে কিছুটা দেরি হলেও সরিষা চাষে সম্ভাবনা রয়েছে। হারুন অর রশিদের বীজের জন্য আমি নিজে বিএআরআই সাতক্ষীরা থেকে বীজ এনে দিয়েছি। আমরা পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছি।’


















