সুন্দরগঞ্জে ২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
- আপডেট সময় : ০৩:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০০ জন দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্টের আওতায় উপজেলার বেলকা ও কাপাসিয়া ইউনিয়নে এই কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিলুল্যাহ। এ সময় বেলকা ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজার রহমান, প্রোগ্রাম ম্যানেজার মো. মুনীর হোসেন, প্রজেক্ট ম্যানেজার মো. শফিকুল ইসলাম, ম্যানেজার (MEAL) মো. আকবর হোসেন, প্রজেক্ট অফিসার মোছা. ডলি সুলতানা, ফিল্ড ফ্যাসিলিটেটর বিজলি রানী মহন্ত ও জাফর ইমামসহ কমিউনিটি রেসিলিয়েন্স একশন গ্রুপের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে শীত মৌসুমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়। এমন মানবিক সহায়তা শীতার্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।
বক্তারা আরও বলেন, শীত মৌসুমে দিনমজুর, বয়স্ক, নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেক মানুষ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও দাতা সংস্থাগুলো শীতার্ত মানুষের পাশে দাঁড়ালে এই কষ্ট অনেকটাই লাঘব হবে।

উল্লেখ্য, দাতা সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) বাস্তবায়িত জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্টটি গাইবান্ধা পৌরসভা ও সুন্দরগঞ্জ উপজেলায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কার্যক্রম পরিচালনা করছে।


















