বিএনপিতে যোগদান করেও রক্ষা হলো না
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহীন অবশেষে গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:১৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদানের ঘটনায় যখন রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে, ঠিক সেই প্রেক্ষাপটে নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলার এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. শাহিন মিয়া। তিনি উপজেলার বড়শালঘর গ্রামের মৃত মো. শহীদ মিয়ার ছেলে এবং নিষিদ্ধ কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২১ ডিসেম্বর) কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ধানের শীষের প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান মুন্সির বাড়িতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ২০০ নেতাকর্মী। ওই যোগদান অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলম হাজারী ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. শাহিন মিয়াও বিএনপিতে যোগ দেন বলে জানা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ‘দেবিদ্বারের বড়শালঘর এলাকা থেকে মো. শাহিন মিয়া নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


















