
গাইবান্ধার সুন্দরগঞ্জে চাঞ্চল্যকর মা ও ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় দুই নম্বর আসামি আনন্দ বাবু বাদলকে (২৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন এসআরবি-১৩ এর সিপিসি-৩, গাইবান্ধার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক।
এর আগে গতকাল দিবাগত বুধবার রাত ২টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা দায়েরের প্রায় দুই ঘণ্টার মধ্যে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে নিজ বসতবাড়ি থেকে আইনুর নাহার আঁখি (৩৫) ও তার পাঁচ বছর বয়সী ছেলে আহনাফ আদিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রাথমিক অনুসন্ধান ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আইনুর নাহারের সঙ্গে রেলওয়ে কর্মচারী আব্দুর রাজ্জাকের প্রায় ১৬-১৭ বছর আগে বিয়ে হয়। আব্দুর রাজ্জাক বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে কর্মরত থাকাকালে মোছা. শাহিনা বেগম (২৬) নামের এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাঁকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর শাহিনাকে বাড়িতে নিয়ে এলে দুই স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ শুরু হয়। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়।
সালিশের সিদ্ধান্ত অনুযায়ী, আব্দুর রাজ্জাক প্রথম স্ত্রীকে তিন সন্তানসহ বামনডাঙ্গায় ভাড়া বাসায় রাখেন। পরে তিনি ঠাকুরগাঁওয়ে বদলি হলে স্ত্রী-সন্তানদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। সেখানে বসবাসের সময় গত ১৭ নভেম্বর বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে আইনুর নাহার ও তার ছোট ছেলে আহনাফকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। সন্ধ্যায় তার বড় মেয়ে বাড়িতে ফিরে মা ও ভাইয়ের মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হয়।
এ ঘটনায় নিহত আইনুর নাহারের বাবা আতোয়ার রহমান বাদী হয়ে ১৯ নভেম্বর রাতে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার গুরুত্ব বিবেচনায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি-১৩ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩ এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প এবং সিপিসি-২, নীলফামারীর একটি যৌথ আভিযানিক দল পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী গ্রামে অভিযান চালিয়ে আনন্দ বাবু বাদলকে গ্রেপ্তার করে।
এসআরবি-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক জানান,'গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত থাকবে।'

সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.