
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক তিনটি ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার এবং মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া এক ব্যক্তির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার মাস্তা গ্রামে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় আব্দুল মোমিন মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি মধ্য মাস্তা দক্ষিণপাড়া গ্রামের আব্দুর মান্নানের ছেলে। বাড়ি থেকে নিখোঁজের দুই দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে, বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের দুখিসুখী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে জহুরুল ইসলাম (৪৫) ও শ্রীমল হাশদা (২২) নামে দুজনের মৃত্যু হয়। জহুরুল ইসলাম জয়পুরহাট জেলার কালাই উপজেলার ভেবেন্তি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। আর শ্রীমল হাশদা দুখিসুখী গ্রামের বঙ্গর হাশদার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুখিসুখী গ্রামের এক বৃদ্ধার বাড়িতে জহুরুল ইসলাম একা থাকতেন। ওই বাড়িতে মুঠোফোনের নেটওয়ার্ক ভালো পাওয়া যেত বলে তিনি নিয়মিত সেখানে যাতায়াত করতেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ওই বাড়িতে যান। এ সময় জহুরুলের কাছে টাকা ধার নিতে সেখানে যান শ্রীমল। পরে জহুরুলের মুঠোফোনের চার্জ শেষ হয়ে গেলে চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে শ্রীমলও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
এ ছাড়া উপজেলার দরবস্ত ইউনিয়নের শিংজানি গ্রামের আব্দুর রহিম প্রধানের ছেলে মোতাহার হোসেন প্রধান (৬৫) মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৈরাগীরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার জানান, জহুরুল ইসলাম ও শ্রীমল হাশদা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে, আব্দুল মোমিনের মরদেহের বিষয়ে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.