
প্রতিবছর বন্যা, নদীভাঙন ও খরার সঙ্গে লড়াই করেই কাটে গাইবান্ধার চরাঞ্চলের মানুষের জীবন। কখনো নদীগর্ভে বিলীন হয় বসতভিটা, কখনো হারাতে হয় জীবিকার শেষ সম্বলটুকুও। এমন বাস্তবতায় চরাঞ্চলের দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের আর্থিক স্বাবলম্বিতা অর্জন এবং বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টিতে পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ।
সংস্থাটির উদ্যোগে গাইবান্ধার তিন উপজেলার ১০টি চরের ৩০০ পরিবারের মধ্যে বিনামূল্যে একটি করে ভেড়া বিতরণ করা হয়েছে। এতে নতুন করে স্বপ্ন দেখছেন সুবিধাভোগী পরিবারগুলো।
গতকাল ফুলছড়ি উপজেলার টেংরাকান্দি নৌঘাটে ফ্রেন্ডশিপের এএসডি প্রকল্পের আওতায় আনুষ্ঠানিকভাবে এসব ভেড়া বিতরণ করা হয়। গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের ১০টি চরের ৩০০ জন উপকারভোগীর প্রত্যেককে একটি করে ভেড়া দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন ফুলছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান। সভাপতিত্ব করেন ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য দেন ফ্রেন্ডশিপের এএসডি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার দিবাকর বিশ্বাস। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আতিকুর রহমান বলেন, 'চরাঞ্চলের মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ভেড়া পালন একটি লাভজনক ও টেকসই উদ্যোগ। প্রাকৃতিক দুর্যোগের সময় এই প্রাণিসম্পদ পরিবারগুলোর বিকল্প সম্পদ ও আয়ের উৎস হিসেবে কাজ করবে। ভেড়াগুলোর চিকিৎসা, পরিচর্যা ও লালন-পালনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ দেওয়া হবে।'
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান বলেন, চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ফ্রেন্ডশিপ দীর্ঘদিন ধরে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। উপকারভোগীরা ভেড়াগুলো সঠিকভাবে লালন-পালন করতে পারলে অল্প সময়ের মধ্যেই এগুলো তাদের পরিবারের অর্থনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফ্রেন্ডশিপের এএসডি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার দিবাকর বিশ্বাস বলেন, এ সহায়তার মাধ্যমে পরিবারগুলোর আয়বর্ধনের সুযোগ তৈরি হবে, গড়ে উঠবে নিজস্ব সম্পদ। পাশাপাশি দুর্যোগের সময় বিকল্প জীবিকার সক্ষমতাও বাড়বে। ভেড়ার উন্নত জাতের বংশবিস্তারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহযোগিতায় কৃত্রিম প্রজনন কার্যক্রমও প্রকল্পের আওতায় রাখা হয়েছে।
তিনি আরও জানান, ভেড়া বিতরণের পাশাপাশি উপকারভোগীদের মধ্যে বছরে দুইবার ১০ থেকে ১৭ ধরনের সবজির বীজ, বীজ সংরক্ষণের জন্য জিপলক ব্যাগ ও কনটেইনার এবং লিউরসহ সেক্স ফেরোমন ফাঁদ বিতরণ করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন, নারীদের আয়মূলক কাজে সম্পৃক্ততা বৃদ্ধি এবং পরিবারের খাদ্য ব্যয় কমানোর সুযোগ তৈরি হচ্ছে।

ভেড়া পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন টেংরাকান্দি চরের সুবিধাভোগী শাপলা বেগম। তিনি বলেন, 'আমরা চরের মানুষ। প্রতিবছর বন্যা আর নদীভাঙনে অনেক ক্ষতি হয়। হাতে কোনো পুঁজি না থাকায় কিছু করার সুযোগও ছিল না। ফ্রেন্ডশিপের দেওয়া এই ভেড়াটি আমার পরিবারের জন্য অনেক বড় পাওয়া। যত্ন করে বড় করব। পরে বাচ্চা হলে সেগুলো থেকে ধীরে ধীরে ভেড়ার খামার গড়ে তোলার স্বপ্ন আছে। আশা করি, একদিন ভেড়া বিক্রি করেই সংসারের অভাব দূর করতে পারব।'
উল্লেখ্য, ২০০২ সাল থেকে ফ্রেন্ডশিপ বাংলাদেশের দুর্যোগপ্রবণ বিশেষ করে চর ও উপকূলীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.