
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমির ফসল বাড়িতে নিয়ে আসতে বাধা দেওয়াসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রাজ্জাক (৬৫) ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।
উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত কফিল উদ্দিন ব্যাপারীর ছেলে। অভিযুক্ত রাশেদুল ইসলাম (৪৪) একই গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।
জানা যায়, তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ মৌজার ২১১১ দাগের ৭১ শতক জমির মধ্যে সাড়ে ৬৮ শতক নিয়ে আব্দুর রাজ্জাক ও রাশেদুল ইসলামের মধ্যে দীর্ঘ চার বছর ধরে বিরোধ চলছে।

আব্দুর রাজ্জাকের দাবি, ১৯৬৩ সালে কফিল উদ্দিন শেখ কবলা দলিলের মাধ্যমে সাড়ে ৬৮ শতক জমি কেনেন। পরে তিনি তার ছয় মেয়ের নামে রেজিস্ট্রিকৃত হেবা দলিলের মাধ্যমে জমির মালিকানা হস্তান্তর করেন। পরবর্তী সময়ে কফিল উদ্দিনের মেয়েরা বিভিন্ন সময়ে কবলা দলিলের মাধ্যমে আব্দুর রাজ্জাকের কাছে জমি বিক্রি করেন। সর্বশেষ হালনাগাদ পর্যন্ত জমির খাজনাও পরিশোধ করেছেন। তবে কেনা সম্পত্তির মালিকানা দাবি করে গত কয়েক বছর ধরে রাশেদুল ইসলাম ও তার সহযোগীরা জমির দখল নেওয়ার চেষ্টা করছেন।
জমি কেনার পর থেকেই সেখানে চাষাবাদ করে আসছেন আব্দুর রাজ্জাক। চলতি মৌসুমে ওই জমিতে ধইঞ্চা চাষ করেন তিনি। ধইঞ্চা পরিপক্ব হওয়ায় গত শনিবার (১৪ নভেম্বর) সকালে তার লোকজন জমি থেকে ধইঞ্চা কাটতে গেলে রাশেদুল ইসলাম ও তার স্ত্রী রুপা বেগমের নির্দেশে তাদের পক্ষের লোকজন বাধা দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তারা প্রাণনাশের হুমকিও দেন বলে দাবি ভুক্তভোগীর।
এর আগে, ২০২২ সালে আব্দুর রাজ্জাক ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় আদালতে একটি পিটিশন দায়ের করেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট আদালত কাগজপত্র পর্যালোচনা করে আদেশ দেন। এতে বলা হয়, মামলা গ্রহণের সময় বিরোধপূর্ণ সাড়ে ৬৮ শতক জমি আব্দুর রাজ্জাকের শান্তিপূর্ণ দখলে ছিল বলে প্রতীয়মান হয়েছে। সার্বিক বিবেচনায় আইনানুগভাবে উচ্ছেদ না করা পর্যন্ত ওই জমিতে আব্দুর রাজ্জাকের দখল বহাল রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রাশেদুল ইসলাম বলেন, 'জমিটা আমার দাদাদের। এখন এই জমির আমরাই মালিক। এ নিয়ে আদালতে মামলা চলমান আছে।'
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, 'এবিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.