
প্রতিদিন যে বেঞ্চে বসে ক্লাস করে, এবার সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেয়ারে বসেছে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী। শুধু প্রধান শিক্ষকের চেয়ারে বসাই নয়, এক দিনের জন্য পালন করেছে পুরো বিদ্যালয় পরিচালনার দায়িত্বও। এই ব্যতিক্রমী অভিজ্ঞতার সাক্ষী হয়েছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা তাবাস্সুম কবির।
আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে এ উদ্যোগ নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। সাধারণত যে চেয়ারে বসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করেন, সেই দায়িত্বই প্রতীকীভাবে তুলে দেওয়া হয় ছোট্ট তালহার হাতে। এক দিনের প্রধান শিক্ষক হিসেবে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়, শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য প্রদান, বিদ্যালয়ের পরিবেশ পর্যবেক্ষণসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেয় সে।
শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে মঙ্গলবার (১৭ নভেম্বর) এ আয়োজন করা হয়।
উদ্যোগটির অনুমোদন দিয়ে প্রতীকী প্রধান শিক্ষক উম্মে তালহা তাবাস্সুম কবিরের হাতে এক দিনের দায়িত্ব পালনের নিয়োগপত্র তুলে দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম।

দিনের কর্মসূচির শুরুতে সকাল ৯টা ১৫ মিনিটে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ করে তালহা। এ সময় দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরা হয়।
সকাল ৯টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেয় প্রতীকী প্রধান শিক্ষক। বক্তব্যে আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসের তাৎপর্য, মানসম্মত শিক্ষা ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলে সে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মনোভাব গড়ে তোলার আহ্বান জানায়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রকৃত প্রধান শিক্ষকের জন্য একটি প্রতিবেদনও প্রস্তুত করে।
পরে সকাল ১০টা ৩৫ মিনিট থেকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, করিডর, খেলার মাঠ ও পানির স্থানগুলোর পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে তালহা। এ সময় নির্ধারিত স্থানে ময়লা ফেলা, ডাস্টবিন ব্যবহার এবং বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে। পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ আরও সুন্দর ও পরিচ্ছন্ন করতে প্রয়োজনীয় কিছু বিষয় নোট করে রাখে।

সকাল ১১টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে সে। এ সময় তাদের পড়াশোনার অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যা ও মতামত মনোযোগ দিয়ে শোনে। শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, অন্তর্ভুক্তিমূলক আচরণ এবং নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়। শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া মতামত ও সমস্যাগুলো বিদ্যালয়ের প্রকৃত প্রধান শিক্ষকের কাছে তুলে ধরার জন্য লিখে রাখে।
দিনের শেষ পর্যায়ে দুপুর ১২টা ৪০ মিনিটে নিজের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও প্রস্তাবনা বিদ্যালয়ের প্রকৃত প্রধান শিক্ষকের কাছে উপস্থাপন করে তালহা। তার দেওয়া প্রস্তাবগুলোর মধ্যে বাস্তবায়নযোগ্য একটি বিষয় বিবেচনার জন্য নেওয়া হয়। পরে তাকে সনদ দেওয়া হয় এবং স্মৃতিচারণমূলক ছবি তোলা হয়।
বিদ্যালয়ের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের মধ্যে নেতৃত্ব, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও তৈরি করতে হবে। এক দিনের জন্য প্রতীকী প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার মাধ্যমে একজন শিক্ষার্থীকে বিদ্যালয় পরিচালনার বাস্তব অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি। এ অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
প্রতীকী প্রধান শিক্ষক উম্মে তালহা তাবাস্সুম কবির বলে, এক দিনের জন্য প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে পেরে তার খুব ভালো লেগেছে। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিদ্যালয়ের বিভিন্ন বিষয় জানার সুযোগ হয়েছে। এ অভিজ্ঞতা ভবিষ্যতে তাকে আরও আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল হতে সাহায্য করবে।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ বাড়াতে সহায়ক। পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীরা দায়িত্ব পালন ও সিদ্ধান্ত গ্রহণের শিক্ষা পাবে। শিবরাম আদর্শ পাবলিক স্কুলের এ উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত শিবরাম আদর্শ পাবলিক স্কুলটি লালমনিরহাট সদর উপজেলার সার্কিট হাউসসংলগ্ন মিশন মোড়ে অবস্থিত। আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে বিদ্যালয়টির এ ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বচর্চা, দায়িত্বশীলতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার একটি অভিনব প্রয়াস।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.