
নীলফামারীর জলঢাকা থানায় দায়িত্ব পালনের ১১ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম এবং জনসচেতনতা সৃষ্টিতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও কর্মপরিকল্পনার কথা তুলে ধরেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম। একই সঙ্গে জলঢাকায় কর্মজীবনের একটি অধ্যায় শেষ করে নতুন কর্মস্থলে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্মৃতিচারণমূলক পোস্টে নিজের কর্মকালীন অভিজ্ঞতা, সাফল্য, সীমাবদ্ধতা এবং জলঢাকাবাসীর প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরেন এই পুলিশ কর্মকর্তা।
ওসি নাজমুল আলমের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৭ ডিসেম্বর অবাধ, সুষ্ঠু ও নিরাপদ জাতীয় নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে তিনি জলঢাকা থানায় যোগদান করেন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শান্তিপূর্ণ ও রক্তপাতহীন নির্বাচন সম্পন্ন হওয়ার পর তাঁর সামনে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে আনা।
দায়িত্ব গ্রহণের সময় এলাকায় মোটরসাইকেল ও গরু চুরি, মোবাইল ফোন ও অনলাইন প্রতারণা, জমি নিয়ে বিরোধ, সড়ককেন্দ্রিক সংঘাত, মাদক, জুয়া এবং কিশোর-কিশোরীদের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মতো নানা সামাজিক ও অপরাধমূলক সমস্যা ছিল। সীমিত জনবল ও মাত্র একটি টহল গাড়ি নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় মাঠপর্যায়ে কাজ শুরু করেন তিনি।
অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধীদের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে অপরাধের পরিণতি সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধীদের ছবি প্রকাশ করে তাদের শনাক্ত ও গ্রেপ্তারে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়। অপরাধীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার উদ্যোগও নেওয়া হয়। ওসির দাবি, এসব কার্যক্রমের ফলে অনেক অপরাধী পরিবারের চাপ ও নিজেদের উপলব্ধি থেকে থানায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তবে তাঁদের কেউ কেউ পরবর্তী সময়ে আবারও অপরাধে জড়িয়ে পড়েন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনসচেতনতাকে বিশেষ গুরুত্ব দেন ওসি নাজমুল আলম। প্রতি শুক্রবার জুমার নামাজের সময় বিভিন্ন মসজিদ ও হাটবাজারে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় সহজ ভাষায় আইনের বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির চেষ্টা চালান।
বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিয়ে, মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি ও অনৈতিক কর্মকাণ্ডের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্লাসের আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা, ভবিষ্যৎ ক্যারিয়ার এবং নৈতিক মূল্যবোধের বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
চোরাই মোটরসাইকেল উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণেও বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকার তরুণ ও প্রবীণদের সমন্বয়ে এলাকাভিত্তিক মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়। পাশাপাশি সুযোগ পেলেই বিভিন্ন খেলার মাঠে গিয়ে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করেন তিনি। মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই বলেও বিভিন্ন সময়ে মত প্রকাশ করেন।
ওসি নাজমুল আলমের স্মৃতিচারণমূলক লেখায় উঠে এসেছে, সীমাবদ্ধতা সত্ত্বেও স্থানীয় মানুষের সহযোগিতা নিয়ে জলঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার অভিজ্ঞতা তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। দায়িত্ব পালনের এ সময়ে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি জলঢাকাবাসীর ভালোবাসা ও সহযোগিতার কথা উল্লেখ করেছেন তিনি।
তাঁর এই স্মৃতিচারণ থেকে ধারণা করা হচ্ছে, জলঢাকা থানায় দায়িত্ব পালনের অধ্যায় শেষ করে শিগগিরই নতুন কোনো কর্মস্থলে যোগ দিতে পারেন তিনি। তবে নতুন কর্মস্থল কিংবা বদলির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.