
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর পদে পরিবর্তন আসছে। বর্তমান আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জুকে জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন আমীর নির্বাচনে গোপন ব্যালটে ভোট দিয়েছেন সংগঠনটির রুকনরা।
সোমবার (৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ মো. রোকনুজ্জামান।
জানা যায়, রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌরবাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জুকে জেলা শাখায় অন্তর্ভুক্ত করার বিষয়টি ঘোষণা করেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ মো. রোকনুজ্জামান। এ সময় উপজেলা জামায়াতের রুকনরা উপস্থিত ছিলেন। পরে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন উপজেলা আমীর নির্বাচনে গোপন ব্যালটে ভোট দেন তারা।
এ বিষয়ে গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ মো. রোকনুজ্জামান বলেন, 'জামায়াতে ইসলামীর দায়িত্ব পরিবর্তন একটি স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া। সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের বর্তমান আমীরকে জেলা শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী রুকন সম্মেলনে গোপন ব্যালটে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন আমীর নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'গাইবান্ধা জেলা শাখার চারজন দায়িত্বশীল সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ কারণে কয়েকজন উপজেলা আমীরকে জেলা শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.