
'করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ' প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ছয়টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক ও গাছের চারা প্রদান করা হয়।
রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান।
এর আগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম ইফতেখারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায়, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল, উপজেলা এবি পার্টির আহ্বায়ক তাজুল ইসলাম, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত শামীম, রুপালী সোশ্যাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সমবায় লিমিটেডের নির্বাহী প্রধান শ্যামল কুমার দাস এবং লেংগা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দার প্রমুখ।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্ষুদ্র সঞ্চয় ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব। এ জন্য সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ও স্বচ্ছভাবে পরিচালনার পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদার করতে হবে।
আলোচনা সভা শেষে ছয়টি সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক ও গাছের চারা তুলে দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.