
গাইবান্ধার চরাঞ্চলের ৮ হাজার ৫০০ দরিদ্র পরিবারকে দুই কিস্তিতে ৬০ হাজার টাকা করে শর্তহীন আর্থিক অনুদান দেওয়া হবে। আন্তর্জাতিক সংস্থা গিভডিরেক্টলির সহযোগিতায় এবং স্থানীয় সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) বাস্তবায়নে 'চয়েস, হোপ অ্যান্ড রেজিলিয়েন্স (চর) বাংলাদেশ প্রকল্প'-এর আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে।
রোববার (৮ নভেম্বর) সকালে গাইবান্ধায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন জিইউকে-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালাম।

এসময় জানানো হয়, ফুলছড়ি উপজেলার ফুলছড়ি, ফজলুপুর ও এরেন্ডাবাড়ি এবং সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮ হাজার ৫০০ নির্বাচিত পরিবার এ অনুদান পাবে। পরিবারপ্রতি মোট ৬০ হাজার টাকা দুই কিস্তিতে দেওয়া হবে। এর মধ্যে প্রথম কিস্তিতে চলতি নভেম্বরে ৯ হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আগামী ডিসেম্বরে বাকি ৫১ হাজার টাকা দেওয়া হবে।
এম. আবদুস সালাম জানান, অনুদানের অর্থ ব্যবহারে কোনো শর্ত আরোপ করা হয়নি। উপকারভোগী পরিবারগুলো নিজেদের প্রয়োজন ও অগ্রাধিকার অনুযায়ী ঘরবাড়ি মেরামত, গবাদিপশু কেনা, ব্যবসার প্রসার, শিক্ষা কিংবা সঞ্চয়ের কাজে এ অর্থ ব্যয় করতে পারবে। এর মাধ্যমে চরাঞ্চলের দরিদ্র পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়বে।
অনুষ্ঠানে জিইউকে'র পরিচালক আবু সায়েম মো. জান্নাতুন নূর রিশাত, গিভডিরেক্টলির অ্যাসোসিয়েট ফিল্ড ম্যানেজার মো. রাশেদুল ইসলাম এবং প্রকল্প সমন্বয়কারী জয়া প্রসাদ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.