
পিরোজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে প্রায় ৪৩ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) পিরোজপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এসব উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. জহিরুল ইসলাম জানান, সারা দেশের ২৩টি পলিটেকনিক ইনস্টিটিউট উন্নয়ন প্রকল্পের আওতায় পিরোজপুরে এই কাজগুলো বাস্তবায়িত হচ্ছে। গত ৫ আগস্টের পর থেকে প্রকল্পের প্রাথমিক প্রস্তুতি ও মালামাল সংগ্রহের কাজ শুরু হয়েছে এবং ঠিকাদাররা ইতিমধ্যে প্রয়োজনীয় মালামাল মজুদ করেছেন। এখন থেকে পুরোদমে নির্মাণকাজ এগিয়ে নেওয়া হবে।
ইনস্টিটিউটে ১৪ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে সিঙ্গেল পাইল ফাউন্ডেশনসহ ৬ তলা ভিত বিশিষ্ট ৬ তলা ওয়ার্কশপ ভবন, ১১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে পাইল ফাউন্ডেশনসহ ৬ তলা প্রশাসনিক ভবন এবং ১৪ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে পাইল ফাউন্ডেশনসহ ৬ তলা একাডেমিক ভবন নির্মিত হবে। এছাড়া ৩ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে পিরোজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের রিটেইনিং ওয়াল, বাউন্ডারি ওয়াল ও মূল গেট নির্মাণ করা হবে।
নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম আরও জানান, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সার্বিক তদারকি ও প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই মানসম্মতভাবে কাজগুলো সম্পন্ন করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন শেষে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুরের সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম রব্বানী, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রকল্পের ঠিকাদারগণ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.