
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে পিরোজপুর সদর উপজেলা পরিষদের ওমর ফারুক মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান ও জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ শাহীন রেজা। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নব গোপাল সাহার সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সরকারি প্রতিষ্ঠানগুলোর রক্ষণাবেক্ষণ এবং নাগরিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু সরকারের ওপর সব দায়িত্ব চাপিয়ে দিলে চলবে না। একজন সুনাগরিক হিসেবে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে আইনকানুন মেনে চলতে হবে। সরকারি প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান মনে করে এর সেবা ও সম্পদ সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আইন অমান্য করে মোটরসাইকেল চালানোর প্রবণতায় ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, অনেকেই লাইসেন্স ও হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালাচ্ছেন, যা সম্পূর্ণ আইনবিরোধী। আইন সবার জন্য সমান। ছাত্রসমাজ, রাজনৈতিক নেতাকর্মী কিংবা সাধারণ নাগরিক—কেউই আইনের ঊর্ধ্বে নন। সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্র ও সমাজের উন্নয়নে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি যত্নশীল হওয়ার মধ্য দিয়েই একটি সচেতন, দায়িত্বশীল ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.