
গণভোটের রায় বাস্তবায়ন না হলে মানুষ রাজপথে নেমে দাবি আদায় করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি বলেছেন, জনগণের গণরায় প্রত্যাখ্যান করে সরকার জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এমপি-মন্ত্রী হওয়ার পর গণভোটের রায় অস্বীকার করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, সাত দফা দাবিতে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের উদ্যোগে তিনটি লংমার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে এই বার্তা পৌঁছেছে যে, জামায়াত জনগণের পক্ষে কথা বলতে এবং দাবি আদায়ে মাঠে সক্রিয় রয়েছে।
গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলন ও সহিংসতায় তৌফিক নামে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে সংকটের সমাধান করতে হবে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবিও জানান তিনি।
দলীয় জনশক্তির উদ্দেশে মাওলানা আবদুল হালিম বলেন, আলেমসমাজকে ভুল বোঝানো হচ্ছে এবং রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন অসৌজন্যমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কারও ব্যক্তিগত বক্তব্য বা আচরণে যেন সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশে গাইবান্ধা জেলা জামায়াতের ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত আমীর মো. আব্দুল করিম এমপি শপথ গ্রহণ করেন। তাকে শপথবাক্য পাঠ করান মাওলানা আবদুল হালিম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি ও গাইবান্ধা জেলার সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকার। এছাড়া জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, অধ্যাপক মো. মাজেদুর রহমান এমপি, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম এমপিসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.