
গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রায় ১ হাজার ২০০ মিটার দৈর্ঘ্যের ১৯টি চায়না দুয়ারি জাল ও ১০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় মো. সোহেল রানা (৩২) নামে এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার 'ধার মানষের ছড়া' নামের জলমহালে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাপ্রাপ্ত সোহেল রানা তারাপুর ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সুন্দরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায় প্রসিকিউশন পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে জলমহাল থেকে ১৯টি চায়না দুয়ারি জাল ও একটি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারায় সোহেল রানাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ বলেন, 'জলজ সম্পদ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.