
গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ২১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাতে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার গিদারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাসুদ রানা থানায় এজাহার দাখিল করেন। পরে মঙ্গলবার রাতে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর রাত ১১টার দিকে সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এলাকায় মাদকবিরোধী কার্যক্রম ও সেমিনার আয়োজনকে কেন্দ্র করে বিরোধের জেরে একদল ব্যক্তি কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের ওপর হামলা চালান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, হামলার সময় কার্যালয়ের চেয়ার-টেবিল, ব্যানার, ফেস্টুন, দলীয় নেতাদের ছবি ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করা হয়। এতে আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী।
মামলার বাদী মো. মাসুদ রানা অভিযোগ করে বলেন, 'স্থানীয় আওয়ামী লীগের লোকজন দলবদ্ধ হয়ে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন। তারা এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। বিএনপির কিছু লোক তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ায় তারা দলীয় কার্যালয়ে হামলার সাহস পেয়েছেন বলে আমার ধারণা। এ ঘটনার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে মামলা করেছি।'
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, 'এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.