
রাজশাহীর পবা উপজেলার হরিয়ান বাজারে বিএনপি ও যুবদল নেতার অনুসারীদের হুমকিতে বন্ধ করে দেওয়া সারের দোকান খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শফিকুল হকের নির্দেশে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের উপস্থিতিতে ডিলার সাইদুর রহমান তাঁর দোকান খোলেন। পরে সংসদ সদস্য মুঠোফোনে ডিলারের সঙ্গে কথা বলেন।
এ সময় পবা উপজেলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনসহ দলটির নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। পরে শান্তিপূর্ণ পরিবেশে সার বিক্রি শুরু করা হয়। এর আগে গতকাল বিএনপি ও যুবদল নেতার অনুসারীদের হুমকিতে তিনি দোকান বন্ধ করে দিয়েছিলেন।
সাইদুর রহমান হরিয়ান বাজারের সাইদুর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত ডিলার। পাশাপাশি প্রায় ছয় বছর ধরে হরিয়ান বাজার কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
.
চলতি বছরের ৫ এপ্রিল কৃষকদের কাছে সরবরাহের জন্য নেওয়া ৩০ বস্তা ইউরিয়া সার পথে আটকে দেন হরিয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রজব আলী ও যুবদল নেতা আব্দুস সালাম। তখন তাঁদের বিরুদ্ধে তিন লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে একটি মামলা করেন সাইদুর রহমান। সেই মামলায় সোমবার দুই নেতাকে কারাগারে পাঠানোর পর তাঁদের অনুসারীদের হুমকিতে দোকান বন্ধ করে দিয়েছিলেন তিনি।
সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, দোকান বন্ধ রাখার হুমকির বিষয়ে তিনি সংসদ সদস্য শফিকুল হকসহ (মিলন) জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছিলেন। পরে মঙ্গলবার সকালে পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন তাঁকে ফোন করে দোকান খুলতে বলেন। এরপর তিনি বাজারে এসে বিএনপির নেতা–কর্মীদের সহযোগিতায় দোকান খোলেন।
.
বিএনপি নেতা আলী হোসেন বলেন, সারের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। এ নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় আগের দিন নেতাদের মধ্যে আলোচনা হয়। তাঁদের কেউ কেউ ক্ষোভ প্রকাশও করেন। পরে সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হকের নির্দেশে দলের নেতা–কর্মীদের সঙ্গে পরামর্শ করে ডিলারকে দোকান খোলার বিষয়ে সহযোগিতা করা হয়। তিনি বলেন, সার বিক্রির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসরণ করতে হবে। কৃষকেরা যাতে ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে ডিলারকে সতর্ক থাকতে হবে।
আজ সকালে হরিয়ান বাজারে গিয়ে সাইদুর রহমানের দোকান প্রথমে বন্ধ দেখা যায়। প্রতিদিন সকাল আটটায় তিনি দোকান খোলেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রজব আলীর অনুসারীরা ঝামেলা করতে পারেন—এমন আশঙ্কায় সাইদুর রহমান দোকান বন্ধ রেখেছিলেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই দোকানের পাশে পুলিশ অবস্থান নেয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে দোকান খোলা হয়।
.
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ডিলারের করা মামলায় দুজনকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ডিলারের দোকানের সামনে ঝামেলা হতে পারে—এমন আশঙ্কা থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় কোনো অভিযোগ ছিল না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.