
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে জহুরুল প্রধান নামের এক বৃদ্ধকে হত্যার মামলায় প্রধান আসামি ছানোয়ার হোসেন আকন্দকে (৫৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
সোমবার (২৬ অক্টোবর) এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত ছানোয়ার হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার চক মাকড়া গ্রামের মৃত সাইদুল ইসলাম আকন্দের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি নিয়ে নিহত জহুরুল প্রধানের পরিবারের সঙ্গে ছানোয়ারের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশও হয়। গত ৭ অক্টোবর সকালে ছানোয়ারের পরিবারের লোকজন জহুরুলের জমিতে মসজিদের সীমানাপ্রাচীর নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি শুরু করেন। জহুরুল এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্তরা তার বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী ৮ অক্টোবর গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩। এর ধারাবাহিকতায় রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে সাঘাটা উপজেলার থৈকোড়ের পাড়া গ্রামের বাবু মাস্টারের বাড়িতে অভিযান চালিয়ে ছানোয়ারকে গ্রেফতার করে সিপিসি-৩, এসআরবি-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের একটি দল।
এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান বলেন, 'গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.