
বৌদ্ধধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ রোববার। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস সমাপনীতে প্রবারণা পূর্ণিমা উদ্যাপন করেন বৌদ্ধধর্মাবলম্বীরা। বৌদ্ধ সম্প্রদায়ের বিশ্বাস, এই পূর্ণিমা পালনের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয়।
বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপপূজা ও ফানুস ওড়ানোর মতো নানা আচার পালন করা হয় প্রবারণা পূর্ণিমায়।
.
বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় গতকাল শনিবার রাতে প্রথম আলোকে বলেন, ভিক্ষু ও বৌদ্ধধর্মের অনুসারীদের তিন মাস সাধনা করার জন্য নির্দেশ দিয়েছেন ভগবান বুদ্ধ। সে অনুযায়ী তাঁরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাব্রত পালন করেন। বর্ষাব্রতের পরিসমাপ্তির দিন হচ্ছে প্রবারণা পূর্ণিমা।
রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারের আমন্ত্রণপত্রে বলা হয়েছে, এই পূর্ণিমা তিথিতে ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাবাসের পরিসমাপ্তি ঘটবে। পরদিন (আগামীকাল সোমবার) থেকে কঠিন চীবর দান শুরু হবে, যা চলবে এক মাস ধরে।
.
প্রবারণা পূর্ণিমা যথাযথ আড়ম্বরপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদ্যাপনের জন্য রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধবিহারে আজ দিনব্যাপী কর্মসূচি পালন করবে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন। তাদের সূচি অনুযায়ী, আজ ভোর সাড়ে ৫টায় সমবেত প্রভাতি বন্দনা হবে। ভিক্ষুসংঘের প্রভাতি পিণ্ড গ্রহণ হবে সকাল ৭টা ১০ মিনিটে। সকাল সাড়ে ৯টায় হবে বুদ্ধপূজা, শীল গ্রহণ, অষ্টউপকরণসহ মহাসংঘদান। আর ভিক্ষুসংঘের পিণ্ডদান হবে বেলা ১১টা ৫ মিনিটে।
পরে বিকেল ৪টা ১ মিনিটে পবিত্র ত্রিপিটক থেকে সূত্র পাঠ করা হবে। ‘প্রবারণা পূর্ণিমার তাৎপর্য ও বিশ্ব মানবতা’ শীর্ষক আলোচনা সভা হবে বিকেল ৪টা ২০ মিনিটে। পরে সন্ধ্যা ৬টায় শীল গ্রহণ, আলোকসজ্জা ও ফানুসবাতি উৎসর্গ করা হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় আরম্ভ হবে ফানুস উৎসব।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.