
এখন পর্যন্ত পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৮৭৪টি এবং ঝিলমিল আবাসিক এলাকায় ২০০টি প্লট বরাদ্দে অনিয়ম সংক্রান্ত প্রতিবেদন পেয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ২০০৯–২০২৪ সালের মধ্যে এসব প্লট বরাদ্দ দেওয়া হয়। এসব প্লটের নথির কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে।
আজ রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে এসব তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। রাজনৈতিক বিবেচনা এবং অনিয়মের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.
আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমিটিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে গুলশান আবাসিক এলাকা, বনানী আবাসিক এলাকা, উত্তরা আবাসিক এলাকা, পূর্বাচল নতুন শহর প্রকল্প এবং ঝিলমিল আবাসিক এলাকায় রাজনৈতিক বিবেচনায় মোট ১ হাজার ৪১৩টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৯৪৪টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে পূর্বাচল নতুন শহর প্রকল্পে।
বৈঠকে জানানো হয়, রাজউক কর্তৃক এ সময়ে প্লট বরাদ্দের ক্ষেত্রে কোনো অনিয়ম/বিধিবহির্ভূত কাজ হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য হাইকোর্টের রুল আছে। সে অনুযায়ী গঠিত কমিটি রাজউকের বিভিন্ন প্রকল্পে বরাদ্দকৃত প্লটের নথিপত্র যাচাই–বাছাই করে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠায়। এ পর্যন্ত পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৮৭৪টি এবং ঝিলমিল আবাসিক এলাকায় ২০০টি প্লটের অনিয়ম সংক্রান্ত প্রতিবেদন পাওয়া গিয়েছে।
.
বৈঠকে জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার লক্ষ্যে কার্যক্রম চলমান। সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের লক্ষ্যে একটি প্রকল্পের ডিপিপি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এই রুফটপ সোলার প্যানেলের মাধ্যমে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। সংশ্লিষ্ট ভবনগুলোতে ব্যবহারের পর উদ্বৃত্ত থাকলে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
.
সভায় কমিটি জাতীয় সংসদের যথাযথ রক্ষণাবেক্ষণ, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সংসদের যথাযথ ভাবগাম্ভীর্য বজায় রাখার লক্ষ্যে সর্বোচ্চ গুরুত্বসহকারে সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশনা দেয়।
কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশার সভাপতিত্বে কমিটির সদস্যদের মধ্যে বৈঠকে অংশ নেন গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, লুৎফুজ্জামান বাবর, শেখ মজিবুর রহমান ইকবাল, এম মঞ্জুরুল করিম রনি, মো. রুহুল আমিন ও মো. তাজউদ্দীন খান।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.