
কানাডায় একজন নতুন অভিবাসীর জীবনের শুরুর পথচলা সব সময় সহজ হয় না। একটি সম্পূর্ণ নতুন সংস্কৃতি ও অপরিচিত পরিবেশে এসে স্বপ্নের ক্যারিয়ার বা পেশাজীবন শুরু করা এবং উপযুক্ত থাকার জায়গা খুঁজে পাওয়ার ক্ষেত্রে পদে পদে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। দেশে পেশাগত যোগ্যতা ও পূর্ব অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কানাডার স্থানীয় অভিজ্ঞতা এবং ক্রেডিট হিস্ট্রি (Credit History / আর্থিক লেনদেনের রেকর্ড) না থাকায় কাঙ্ক্ষিত চাকরি ও আবাসন পেতে অনেকের চরম অনিশ্চয়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে সঠিক দিকনির্দেশনা ও সামাজিক সমর্থনের প্রয়োজনীয়তা অপরিসীম। সে ক্ষেত্রে বিভিন্ন দেশীয় অ্যাসোসিয়েশনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কানাডার গ্রেটার ভ্যাঙ্কুভারে অবস্থানরত বাংলাদেশের অভিবাসী এবং মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া সংগঠনগুলোর মধ্যে অন্যতম হলো Greater Vancouver Bangladesh Cultural Association - GVBCA (গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন)। কানাডার গ্রেটার ভ্যাঙ্কুভারে বসবাসরত বাংলাদেশের নতুন অভিবাসীদের মূল ধারায় অন্তর্গত করার এবং সার্বিক মানবকল্যাণে সংগঠনটি দীর্ঘ সময় ধরে নিবেদিত রয়েছে।
.
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com
.
সভাপতি মাহমুদুল হক লিটনের নেতৃত্বে সংগঠনটি দীর্ঘদিন ধরে জনকল্যাণে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় ১১ অক্টোবর সাইমন ফ্রেসার ইউনিভার্সিটির ‘সাব বলরুমে’ GVBCA-এর উদ্যোগে অত্যন্ত প্রয়োজনীয়, বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘Career & Settlement Workshop 2026’ (ক্যারিয়ার অ্যান্ড সেটেলমেন্ট ওয়ার্কশপ ২০২৬)। এই কর্মশালা বা ওয়ার্কশপের মাধ্যমে কানাডায় নতুন আসা অভিবাসী, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং চাকরিপ্রত্যাশীদের জীবন ও কর্মজীবনে আবাসনভিত্তিক অনিশ্চয়তা দূর করে এক নতুন দিগন্তের উন্মোচন করা হয়।
শিক্ষার্থী, নতুন অভিবাসী ও কমিউনিটির সদস্যদের কানাডায় ক্যারিয়ার গঠন এবং সঠিকভাবে এবং স্থায়ী আবাসন ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় তথ্য, দিকনির্দেশনা ও বাস্তবভিত্তিক সহায়তা প্রদান করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটি মূলত দুটি পর্বে বিভক্ত ছিল।
.
কর্মশালায় পেশাদার জীবনবৃত্তান্ত (Resume) ও আবেদনপত্র (Cover Letter) তৈরি, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, চাকরি খোঁজার কৌশল, নিয়োগপ্রক্রিয়া, শিক্ষা ও প্রশিক্ষণ, ইমিগ্রেশন, আবাসন এবং মানসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবাসহ নতুন অভিবাসীদের প্রয়োজনীয় নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার অভিবাসীরা কীভাবে কানাডার বিভিন্ন সংস্থা ও সেবা খাতের সঙ্গে সংযুক্ত হতে পারবেন, সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে অনুষ্ঠানে শিক্ষা, মানসিক স্বাস্থ্য, আবাসন ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্মরত অভিজ্ঞ বিশেষজ্ঞ, এইচআর (মানবসম্পদ) প্রতিনিধি ও ক্যারিয়ার কাউন্সিলরদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এ ছাড়া সাইমন ফ্রেসার ইউনিভার্সিটি (SFU)-এর শিক্ষার্থী প্রতিনিধি ও কানাডার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা ও বক্তব্য প্রদান করেন।
সরাসরি প্রশ্নোত্তর ও মতবিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা কানাডার চাকরির বাজার ও জীবনের নানা দিক সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জনের সুযোগ পান। ভ্যাঙ্কুভারের বিভিন্ন পেশায় কর্মরত অভিবাসী বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাঁদের কানাডার যাপিত জীবনের অভিজ্ঞতা এবং পেশার তথ্যসংক্রান্ত বিভিন্ন স্লাইড উপস্থাপন করে মূল্যবান বক্তব্য দেন।
.
অনুষ্ঠানে উপস্থিত বক্তা ও গুণীজনদের মধ্যে ছিলেন মানসিক ও স্বাস্থ্যসেবা খাত: বিসি পাবলিক সার্ভিসেস-এর সার্টিফায়েড কাউন্সেলর (শিশু ও তরুণদের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ) ফাইজা চৌধুরী (MC, CCC), ফ্রেজার হেলথ অথরিটির এইচআর অ্যান্ড বিজনেস অপারেশনস স্পেশালিস্ট স্যাম অ্যান্টো, বিসিসিডিসির ড. মুহাম্মদ মোর্শেদ (PhD), ফ্যামিলি ফিজিশিয়ান ড. আতিকুর রহমান, ক্লিনিক্যাল কাউন্সিলর তানিয়া দিনা (MSW, MPA, RCC, RSW) এবং পিএইচএসএ-এর পেশেন্ট কেয়ার কোয়ালিটি লিয়াজোঁ নাফিসা নাজমুল (MA, PMP)।
ইমিগ্রেশন ও সেটেলমেন্ট: নিবন্ধিত কানাডিয়ান ইমিগ্রেশন কনসালট্যান্ট (RCIC) আলী আশরাফ খান ও মাহবুবুল ইসলাম, সাউথ ভ্যাঙ্কুভার নেইবারহুড হাউসের অ্যাক্টিভিটিজ কোঅর্ডিনেটর ও ক্যারিয়ার কাউন্সেলর সৈয়দা সামিয়া আলী এবং এমপ্লয়মেন্ট অ্যাডভাইজর রেনু শর্মা।
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন: ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার (UBC) এইচআর কোঅর্ডিনেটর অ্যান্ড অ্যানালিস্ট ফারজানা ফেন্সি, মাইনিং ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী জওয়াতা আফনান, অপশনস কমিউনিটি সার্ভিসেসের হিউম্যান রিসোর্সেস স্পেশালিস্ট ফারহান আহমেদ (CPHR, MAS), ওয়াইপিও ইনকরপোরেটেডের এইচআর স্পেশালিস্ট কাজী নাহিদুল হক (CPHR, SHRM-SCP), কানাক্স স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের এইচআর ফয়েজ আবদুল এবং হেরিটেজ কমিউনিটি কলেজের অ্যাডমিশনস অ্যাডভাইজর নিত্যা ওবেরয় ও ফাইরুজ তাহসিন।
.
করপোরেট, প্রযুক্তি, অর্থ ও আবাসন: বার্গার কিং-এর ম্যানেজার রুবেল আহমেদ, কস্টকোর ফ্রন্ট অ্যান্ড সুপারভাইজার সালমান, কুয়া স্মার্ট সার্ভিসেসের এনার্জি ম্যানেজার শামস ইসলাম, সিবিআরইর থার্মাল এনার্জি ম্যানেজার মোহাম্মদ নাজমুল হাসান ভুঁইয়া, ইওয়াই-এর স্টাফ অ্যাকাউন্ট্যান্ট আবরার শাহরিয়ার ইব্রাহিম, ডি-ওয়েভ-এর আরঅ্যান্ডডি ল্যাব অপস টিমের ইন্টার্ন মো. রৌনক অবতাহী দিগন্ত, স্নোটেক্স গ্রুপ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান এস এম খালেদ, রিয়াজুল ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের রিয়াজুল রাসেল (CPA, CGA) এবং আবাসন রিয়েলটর জহির উদ্দিন ও আজাদ শেখ। বক্তারা তাঁদের অতীত কাজ ও কানাডায় কর্মঅভিজ্ঞতার আলোকে মূল্যবান তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করেন।
কয়েক শ নবাগত অভিবাসী এবং স্থানীয় অনেকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি জমজমাট ও তথ্যসমৃদ্ধ আয়োজনে পরিণত হয়েছিল। অনুষ্ঠানে ভ্যাঙ্কুভারের জনপ্রিয় বাংলা স্কুলসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের আলাদা বুথ রাখা হয়েছিল। সেখানে অতিথিরা কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সব তথ্য লাভের সুযোগ পায়।
.
অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে ২০২৬ সালে হাইস্কুল (গ্রেড ১২) এবং ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় (UBC) থেকে আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) পর্যায় সম্পন্ন করা শিক্ষার্থীদের ও অভিবাসীদের সন্তানদের তাঁদের অসামান্য শিক্ষাগত অর্জনের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকেরা জানান, অংশগ্রহণকারীরা সবাই এই ধরনের উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী, প্রয়োজনীয় ও কানাডার জীবনের সঠিক রূপরেখা গঠনে অত্যন্ত উপকারী বলে অভিহিত করেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.