
তিন দশকের বেশি সময় গিটারের সুরে দেশের বহু শিল্পীর গানের সঙ্গী হয়েছেন রাসেল খান। কখনো কখনো মঞ্চে নিজেও গান গাইতেন। সংগীতাঙ্গনের পরিচিত ও প্রিয় এই মুখ আর নেই। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। প্রথম আলোকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন যন্ত্রসংগীতশিল্পী আজমীর বাবু।
.
জানা গেছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন রাসেল খান। আজ সকালে বড় বোনের বাসার বাথরুমে অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে চিকিৎসক এসে পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, তাঁর স্ট্রোক হয়েছিল।
.
গিটারবাদক হিসেবে দীর্ঘ সংগীতজীবনে দেশের প্রথম সারির প্রায় সব সংগীতশিল্পীর সঙ্গে বাজিয়েছেন রাসেল খান। মঞ্চে শিল্পীদের গানের সঙ্গে তাঁর গিটারের সুর ছিল চেনা অনুষঙ্গ। গিটার বাজানোর পাশাপাশি মাঝেমধ্যে নিজেও কণ্ঠে তুলে নিতেন গান। ১৩ অক্টোবর মানিকগঞ্জের একটি অনুষ্ঠানে গিটার বাজিয়েছিলেন তিনি। সেটিই ছিল তাঁর শেষ মঞ্চ পরিবেশনা।
.মনি কিশোরের মরদেহ উদ্ধার, কী হয়েছিল সেদিন.
রাসেল খানের মৃত্যুর খবরে সংগীতাঙ্গনে শোক নেমে এসেছে। ফেসবুকে শোক জানাচ্ছেন সহকর্মী, শিল্পী ও শুভানুধ্যায়ীরা। একসঙ্গে কাজের স্মৃতি তুলে ধরে তাঁকে স্মরণ করছেন অনেকে।
আজ বেলা সাড়ে তিনটায় বনানীতে বড় বোনের বাসার পাশের মসজিদে রাসেল খানের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে বিক্রমপুরে গ্রামের বাড়িতে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
রাসেল খান স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.