
পর্দায় অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। টিভি সিরিয়ালের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও পরিচিত মুখ তিনি। অভিনয়ের বাইরেও তাঁর সাজপোশাক নিয়ে ভক্তদের আগ্রহ কম নয়। মিষ্টি হাসি আর স্টাইলিশ ফ্যাশনের মেলবন্ধনে ভক্তদের কাছে হয়ে উঠেছেন ‘বং ক্রাশ’।
শারদীয় আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা লুকের ছবি ভাগ করে নিচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি তাঁর এমনই একটি সাজ নজর কেড়েছে, যেখানে কালো শাড়ির গাম্ভীর্যের সঙ্গে মিশেছে রুপালির ঝলমলে আভা।
দেবচন্দ্রিমার পরনে কালো জর্জেটের শাড়ি। শাড়ির পাড়জুড়ে রয়েছে মুক্তার লেইস, যা কালো রঙের একরঙা সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা।
শাড়ির সঙ্গে তাঁর ব্লাউজটিও নজরকাড়া। স্ট্র্যাপি হাতার রুপালি ব্রালেটটির সুইটহার্ট নেকলাইন আর সিকুইন ও বিডসের কারুকাজে ফুটে উঠেছে ঝলমলে আভিজাত্য।
ব্লাউজের পেছনে কালো সাটিনের ফিতার বো লুকে যোগ করেছে বাড়তি আকর্ষণ।
গয়নার ক্ষেত্রে সাজকে বেশি ভারী করেননি দেবচন্দ্রিমা। কানে পরেছেন বড় আকারের স্টেটমেন্ট দুল।
চোখের সাজে প্রাধান্য দিয়েছেন গোলাপি আইশ্যাডো ও মাশকারার ছোঁয়া। ঠোঁটে হালকা গ্লসি নুড পিংক লিপস্টিক। গালে গোলাপি ব্লাশ ও হাইলাইটারের ছোঁয়া সাজে এনেছে কোমল আভা।
চুল মাঝখানে সিঁথি করে ঢেউখেলানো স্টাইলে খোলা রেখেছেন অভিনেত্রী। সব মিলিয়ে কালো ও রুপালির এই মেলবন্ধনে তাঁর সাজে এসেছে গ্ল্যামারাস আবহ।
উৎসবের সন্ধ্যা কিংবা পার্টিতে শাড়ির সঙ্গে ঝলমলে ব্লাউজ পরতে চাইলে দেবচন্দ্রিমার এই লুক হতে পারে স্টাইলের অনুপ্রেরণা।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.